সুন্দরবনের দাকোপ এলাকায় অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড। গত রাতে দাকোপ উপজেলার নলিয়ান বাজার ও দোয়ানিরগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের একটি দল নলিয়ান বাজার ও দোয়ানিরগেট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪৫ কেজি হরিণের মাংস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৯ হাজার টাকা।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, আটক ব্যক্তিরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস পাচারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অভিযানের পর উদ্ধার করা হরিণের মাংস ও আটক ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় হরিণ শিকার ও মাংস পাচার বন্ধে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। সংরক্ষিত বনাঞ্চলে বন্যপ্রাণী শিকার ও পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এই বাংলা/এমএস