শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

আগাম ফুলকপি চাষে ব্যস্ত কুড়িগ্রামের কৃষক, বাড়তি লাভের আশায় ঝুঁকি

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বৃষ্টি ও তীব্র রোদ উপেক্ষা করে আগাম ফুলকপির বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের কৃষকেরা। শীত মৌসুম শুরুর আগেই বাজারে ফুলকপি তুলে ভালো দাম পাওয়ার আশায় আগাম আবাদ করছেন তারা। তবে বীজ, সার ও কীটনাশকের বাড়তি দামের পাশাপাশি সার সংকট নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।

চলতি রবি মৌসুমে কুড়িগ্রাম জেলায় প্রায় সাড়ে ৭০০ হেক্টর জমিতে আগাম ফুলকপি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় বীজতলা তৈরির কাজ শুরু হয়েছে। প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা থাকলেও লাভের আশায় কৃষকেরা আবাদে ব্যস্ত রয়েছেন।

বৃষ্টি ও অতিরিক্ত রোদের কারণে যাতে বীজতলার ক্ষতি না হয়, সে জন্য অনেক কৃষক বীজতলা কাপড় ও পলিথিন দিয়ে ঢেকে রাখছেন। আগাম সবজি উৎপাদনে আবহাওয়ার বিষয়টি বড় ঝুঁকি হলেও ভালো বাজারদরের আশায় সেই ঝুঁকি নিচ্ছেন তারা।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কৃষক বাদশা মিয়া (৬৫) বলেন, বীজ, সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বাড়ছে। তার অভিযোগ, বাজারে সার ও বীজের সংকট থাকায় অনেক সময় ডিলারের কাছ থেকে নির্ধারিত দামে না পেয়ে বেশি দামে খুচরা বাজার থেকে কিনতে হচ্ছে।

স্থানীয় কৃষক আসাদুল ইসলাম বলেন, অতিরিক্ত বৃষ্টি কিংবা প্রচণ্ড রোদ হলে ফুলকপির বীজতলার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগাম উৎপাদিত ফুলকপি বাজারে ভালো দামে বিক্রি করা সম্ভব হবে। এ কারণেই তিনি আগাম চাষ শুরু করেছেন।

স্থানীয় শ্রমিক সিরাজুল ইসলাম জানান, ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি এলাকায় বিভিন্ন মৌসুমে শাকসবজির আবাদ হয়ে থাকে। এসব জমিতে কাজ করে এলাকার অনেক শ্রমিক জীবিকা নির্বাহ করেন। প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ জন শ্রমিক সেখানে কাজ করেন বলেও জানান তিনি।

রাজারহাট উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী জানান, উপজেলায় বর্তমানে প্রায় ৬০ থেকে ৬৫ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ হচ্ছে। এর মধ্যে লাউ, শিম, পটল, ফুলকপি ও বাঁধাকপির আগাম আবাদ শুরু করেছেন কৃষকেরা।

তিনি বলেন, এসব সবজি উৎপাদনের মাধ্যমে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি কুড়িগ্রাম জেলা শহরেও সরবরাহ করা হচ্ছে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে কৃষি বিভাগ কাজ করছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর