বকশীগঞ্জে জলাবদ্ধতায় ৫ হাজার একর কৃষিজমি অনাবাদি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস শাকিলের
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
শনিবার, ১ আগস্ট, ২০২৬
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর নয়াপাড়া, হাজিপাড়া, মৌলভীপাড়া, পশ্চিম নামাপাড়া ও মালিরচর এলাকায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রায় ৫ হাজার একর কৃষিজমি জলাবদ্ধ হয়ে রয়েছে। এতে বিস্তীর্ণ এসব জমিতে চাষাবাদ বন্ধ হয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। পাশাপাশি দুর্ভোগ বেড়েছে স্থানীয় বাসিন্দাদের।
শনিবার (১ আগস্ট) জলাবদ্ধ এলাকায় সরেজমিনে পরিদর্শন করেন বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের দীর্ঘদিনের ভোগান্তির কথা শোনেন এবং সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে কৃষিজমি পানিতে তলিয়ে থাকে। ফলে ধানসহ বিভিন্ন মৌসুমি ফসলের আবাদ করা সম্ভব হয় না। এতে প্রতিবছরই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। তারা দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
পরিদর্শন শেষে সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের এ জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আফসার আলী, পৌর যুবদলের সদস্যসচিব তানজির সুজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মেহেদী, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, পৌর ওলামা দলের সভাপতি মো. আরিফ মিয়া, পৌর মৎস্যজীবী দলের সভাপতি সুরুজ্জামান বাবু, মৎস্যজীবী দলের নেতা আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।