নীলফামারীর ডিমলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সাতটি ইয়াবা ট্যাবলেটসহ মো. রাকিব ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। এ সময় তার কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোন, তিনটি সিমকার্ড ও একটি সাইকেল জব্দ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ বিওপি এলাকার মশোর মোড় ইউনিয়ন পরিষদের কাছে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগঞ্জ বিওপির একটি টহলদল সুবেদার মো. ইমরুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৯৩/৫-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি সাইকেলযোগে ওই এলাকায় এলে বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেন।
বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি সাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে টহলদল ধাওয়া করে তাকে আটক করে। তার দেহ তল্লাশি করে সাতটি ইয়াবা ট্যাবলেট, দুটি বাটন মোবাইল ফোন ও তিনটি মোবাইল সিমকার্ড উদ্ধার করা হয়। পাশাপাশি একটি সাইকেল জব্দ করা হয়েছে।
আটক রাকিব ইসলাম ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের মো. আইবুল ইসলামের ছেলে।
পরে আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এই বাংলা/এমএস