শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ঝালকাঠিতে দুই শতাধিক শিশুকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

‘সুস্থ শিশু, সুন্দর আগামী’ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে দুই শতাধিক শিশুকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে এ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সামাজিক ও মানবিক সংগঠন ‘উই ক্যান চেঞ্জ’ (ডব্লিউসিসি) এ ক্যাম্পের আয়োজন করে। সংগঠনটির চেয়ারম্যান, ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ও শিশু বিশেষজ্ঞ ডা. এস এম খালিদ মাহমুদ শাকিলের নেতৃত্বে একদল অভিজ্ঞ চিকিৎসক শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন।

ক্যাম্পে শিশুদের বিভিন্ন সাধারণ ও জটিল রোগের চিকিৎসা, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি সুস্থ জীবনযাপনের বিষয়ে শিশু ও অভিভাবকদের পরামর্শ দেওয়া এবং বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়।

অধ্যাপক ডা. এস এম খালিদ মাহমুদ শাকিল বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে শৈশব থেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও যথাযথ চিকিৎসা প্রয়োজন। আর্থিক অসচ্ছলতার কারণে অনেক পরিবার শিশুদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিতে পারে না। এসব শিশুর কাছে বিনা মূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। চিকিৎসার পাশাপাশি শিশুদের পুষ্টি, পরিচর্যা ও সুস্থ জীবনযাপন সম্পর্কে অভিভাবকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

আয়োজকেরা জানান, সমাজের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা বিনা মূল্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর