বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

চরভদ্রাসনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন

চন্দ্রভাসন (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

উৎসবমুখর পরিবেশে ফরিদপুরের চরভদ্রাসনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ (সিজন-২)-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশজুড়ে ৫০৩টি উপজেলায় অনলাইনে এ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের উদ্বোধন করেন। একই সঙ্গে চরভদ্রাসনেও স্থানীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ। এতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা বা বিনোদনের মাধ্যম নয়; বরং এটি তরুণ প্রজন্মের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রেখে সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে নিয়মিত ক্রীড়াচর্চার বিকল্প নেই। তৃণমূল পর্যায় থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তুলতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যকর ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান এবং চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলীর পক্ষে উপপরিদর্শক (এসআই) রিপন।

এ ছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লা, উপজেলা বিএনপি প্রস্তুতি কমিটির আহ্বায়ক ওহীদুজ্জামান মোল্লা, সদস্যসচিব আব্দুল কুদ্দুস বাদশা, সাবেক সভাপতি শাহজাহান শিকদার, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, গাজিরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান বদু মৃধাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ কর্মসূচি চরভদ্রাসনের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে এবং স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর