মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ডিমলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ডিমলা (নীলফামারি) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ডিমলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, রংপুর।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আহসান মুর্তজা লেলিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের উপসহকারী পরিচালক মো. নুর বকস বাবলু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার মো. শাহানুর আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী, মহিলা দলের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপিকা মোছা. সেতারা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল এবং ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মোহা. মুনতাসির বিল্লাহসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সংবাদকর্মীরা।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো—ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দোলাপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, ডিমলা কামিল মাদ্রাসা এবং ছাতনাই কেরামতিয়া আলিম মাদ্রাসা।

প্রতিযোগিতায় গ্রুপ ‘ক’ (মাদ্রাসা পর্যায়ে) বিতর্কের বিষয় ছিল ‘নৈতিকতার অভাবই দুর্নীতির মূল কারণ’ এবং গ্রুপ ‘খ’ (স্কুল পর্যায়ে) বিতর্কের বিষয় ছিল ‘তারুণ্যের শক্তিই পারে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে’।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইমরানুজ্জামান বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। সাময়িক অর্জনের জন্য শর্টকাট বা অসদুপায় অবলম্বন না করে সততা ও নৈতিকতার চর্চা করতে হবে। তরুণ প্রজন্মকে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

চূড়ান্ত পর্বে ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে’ শীর্ষক বিতর্কে চ্যাম্পিয়ন হয় ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয় ডিমলা কামিল মাদ্রাসা। পুরো প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মারইয়াম ইসলাম।

অনুষ্ঠান শেষে বিজয়ী, রানার্সআপ ও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর