মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কাঁঠালিয়ায় কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ শুরু

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় কৃষকদের ডাটাবেজ তৈরি ও ডিজিটাল সুবিধার আওতায় আনতে স্মার্ট কার্ডের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ৪ নম্বর কাঁঠালিয়া সদর ইউনিয়নের একটি ব্লকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাঁঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন আকন এবং সদর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, তথ্য সংগ্রহ ও ডিজিটাল এন্ট্রির কার্যক্রম চলমান থাকবে। সদর ইউনিয়ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আমিরুল ইসলাম সরাসরি কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও নিবন্ধন করছেন।

উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বশির জানান, সঠিক তথ্য নিশ্চিত করতে প্রতিটি পরিবারের কৃষক ও কৃষাণীর নিজস্ব এবং স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি, নিবন্ধিত মোবাইল নম্বর ও জমির মালিকানার প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে। যাচাই শেষে তথ্যগুলো ডিজিটাল ডাটাবেজে যুক্ত করা হবে।

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষকেরা সরাসরি সরকারি আর্থিক প্রণোদনা পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি ন্যায্যমূল্যে সার ও বীজ পাওয়া, সহজ শর্তে কৃষিঋণ গ্রহণ এবং ডিজিটাল মাধ্যমে কৃষি পরামর্শ পাওয়ার সুযোগও তৈরি হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা ইসলাম বলেন, কৃষি খাতের আধুনিকায়নে কৃষক স্মার্ট কার্ড কার্যক্রম একটি সময়োপযোগী উদ্যোগ। সারা দেশের মতো কাঁঠালিয়াতেও কৃষক স্মার্ট কার্ড বাস্তবায়নের লক্ষ্যে ৪ নম্বর ব্লকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তিনি আরও বলেন, যারা সরাসরি কৃষিকাজের সঙ্গে জড়িত, তারাই এ সুবিধার আওতায় আসবেন। প্রতিটি পরিবার থেকে একটি করে স্মার্ট কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। সঠিক তথ্য দিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করতে তিনি কৃষকদের প্রতি আহ্বান জানান।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর