শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

ক্যান্সার আক্রান্ত বাক্‌প্রতিবন্ধী রাজুর পাশে মানব সেবা যুব সংগঠন

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ডেগিরচর গ্রামের ক্যান্সার আক্রান্ত বাক্‌প্রতিবন্ধী মো. রাজু মৃধার চিকিৎসা ও পরিবারের পাশে দাঁড়িয়েছে গোপীনাথপুর মানব সেবা যুব সংগঠন। গত এক বছর ধরে রাজুর চিকিৎসা ও সংসারের খরচে সহযোগিতা করে আসছে সংগঠনটি। এ পর্যন্ত তাকে ২ লাখ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

রাজু মৃধা ওই গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফার বড় ছেলে। প্রায় এক বছর ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি দীর্ঘদিনের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে তাঁর পরিবার।

এ অবস্থায় রাজুর চিকিৎসা ও পরিবারের প্রয়োজনীয় খরচে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় গোপীনাথপুর মানব সেবা যুব সংগঠন। সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে তাকে আর্থিক সহায়তা দেওয়া হয়। সংগঠনটির দাবি, চিকিৎসা ও সংসার পরিচালনায় এ পর্যন্ত মোট ২ লাখ ৭০ হাজার টাকা সহযোগিতা করা হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাহীন বলেন, “গোপীনাথপুর মানব সেবা যুব সংগঠন সবসময় সমাজের সেবামূলক কাজে যুক্ত রয়েছে। অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, সংগঠনের উদ্যোগে রমজানে অসহায় মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ, শীত মৌসুমে দুস্থদের শীতবস্ত্র প্রদান এবং অসহায় ও অসুস্থ মানুষের চিকিৎসায় আর্থিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়।

রাজুর পাশে দাঁড়ানোর এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. মেহেদী হাসান লিয়াকত, উপদেষ্টা শাহজাহান মিয়া ও শহীদুল ইসলাম, বাচ্চু মিয়া, সহসভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাহীন, দপ্তর সম্পাদক মুহাম্মদ সবুজ, জুয়েল মোল্লা, হিমন, শেখ সবুজ, সাকিব, জহির ও মাহফুজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর