শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নলছিটিতে পুলিশের মহড়া, গ্রেপ্তার ৪

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

আগামীকাল ১৫ আগস্টকে ঘিরে সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝালকাঠির নলছিটিতে পুলিশের মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়া চলাকালে সন্দেহজনক গতিবিধির অভিযোগে আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টার দিকে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে এ মহড়া শুরু হয়। একাধিক মোটরসাইকেল ও পুলিশ পিকআপ নিয়ে থানার সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় টহল দেন।

পুলিশ সূত্রে জানা যায়, ১৫ আগস্টকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে সন্দেহজনক গতিবিধির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুবিদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম মল্লিক (৫২), দপদপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্লা (৫৬) এবং নলছিটি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. জলিলুর রহমান আকন (৫৮)।

পুলিশ জানায়, নজরুল ইসলাম মোল্লার বাড়ি নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামে। শামসুল আলম মল্লিক কুলকাঠি গ্রামের বাসিন্দা। আব্দুল মালেক মোল্লার বাড়ি দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি এলাকায়। মো. জলিলুর রহমান আকনের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নন্দপাড়া গ্রামে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা, বিশৃঙ্খলা বা অন্য কোনো অপতৎপরতা চালাতে না পারে, সে জন্য উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল ও মহড়া অব্যাহত থাকবে।

নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘১৫ আগস্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সতর্ক অবস্থানের অংশ হিসেবে পুরো উপজেলায় মহড়া দেওয়া হয়েছে। মহড়া চলাকালে সন্দেহজনক গতিবিধির কারণে চার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর