খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা নামে এক নারীকে আটক করেছে জেলা প্রশাসন ও বন বিভাগ। উদ্ধার করা গুইসাপগুলোর মধ্যে ১০টি জীবিত ছিল। পরে জীবিত গুইসাপগুলো আলুটিলা এলাকার প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়েছে।
পুলিশ ও বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের আওতায় জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা চেঙ্গী স্কয়ার এলাকায় অভিযান চালান। এ সময় পাঁচটি বস্তার মধ্যে থাকা ২৪টি গুইসাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে প্রেমরাছো মারমাকেও আটক করা হয়। তিনি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়া গ্রামের অংগিও মারমার স্ত্রী।
আটক নারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, খাগড়াছড়িতে বিক্রির উদ্দেশ্যে তিনি চট্টগ্রামের বারইয়ারহাট থেকে ২২ হাজার টাকায় গুইসাপগুলো কিনে আনেন।
খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, পাঁচটি বস্তা থেকে মোট ২৪টি গুইসাপ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০টি জীবিত এবং ১৪টি মৃত ছিল। জীবিত ১০টি গুইসাপ আলুটিলার প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়েছে। মৃত ১৪টি গুইসাপ মাটিচাপা দেওয়া হয়েছে।
বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী ধরা, পরিবহন ও বিক্রির মতো কর্মকাণ্ড জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দুর্জয় গোস্বামী জানান, আটক প্রেমরাছো মারমাকে খাগড়াছড়ি সদর থানায় পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।