মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন

বাঘাইছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ৫ স্তূপ ও ৩ সেলু মেশিন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

রাঙামাটির বাঘাইছড়িতে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন ও মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে অবৈধভাবে উত্তোলন ও মজুত করা পাঁচটি বালুর স্তূপ এবং বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি সেলু মেশিন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার ৩৩ নম্বর মারিশ্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুরাতন মারিশ্যা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে।

অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকায় অনুমোদনহীনভাবে বালু উত্তোলন ও মজুতের প্রমাণ পান। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি বালুর স্তূপ ও বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি সেলু মেশিন জব্দ করা হয়। জব্দকৃত মালামাল পরবর্তীতে ৩৭৮ নম্বর মারিশ্যা মৌজার হেডম্যান এন্ড্রু খিসার জিম্মায় দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের জেলা পরিদর্শক মমিনুল ইসলাম বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুরাতন মারিশ্যা এলাকায় অভিযান চালানো হয়েছে। বেআইনিভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মজুতের ফলে নদী, ছড়া, পাহাড়ি ভূমি এবং স্থানীয় পরিবেশ-প্রতিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও মজুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারি এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর