ঝালকাঠি সদর হাসপাতাল থেকে খাবার খাওয়ানোর কথা বলে ৬০ বছর বয়সী এক নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. বেলাল সিকদার ও মো. নাসির মল্লিক নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ওই নারীকে খাবার খাওয়ানোর কথা বলে বাইরে ডেকে নেওয়া হয়। পরে মোটরসাইকেলে করে তাঁকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে একাধিক ব্যক্তি তাঁকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ভোরে ওই নারী হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ঝালকাঠি সদর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
আটক দুজন হলেন—মো. বেলাল সিকদার, পিতা মোবারক আলী শিকদার, গ্রাম কৃষ্ণকাঠি, ঝালকাঠি এবং মো. নাসির মল্লিক, পিতা ইউসুফ মল্লিক, গ্রাম বিকনা, ইউনিয়ন বাসন্ডা, ঝালকাঠি।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, ভুক্তভোগী নারী ঘটনার আগে হাসপাতালের ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তের স্বার্থে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস