চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের স্বরুপনগর এলাকায় সরকারি রাস্তা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এসব স্থাপনা উচ্ছেদ করে রাস্তা দখলমুক্ত ও চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বরুপনগর এলাকার ভুক্তভোগী প্রায় ২৫০ পরিবারের সদস্যরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বরুপনগর এলাকার প্রায় ২৫০ পরিবারের চলাচলের জন্য টার্মিনাল থেকে সিসিডিবি মোড় পর্যন্ত প্রায় ৩০ ফুট প্রশস্ত একটি সরকারি রাস্তা দীর্ঘদিন ধরে দখল হয়ে আছে বলে অভিযোগ রয়েছে। রাস্তার বিভিন্ন অংশে স্থাপনা নির্মাণ ও দখলের কারণে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বক্তারা জানান, এলাকায় বীরশ্রেষ্ঠ শহীদ মহিউদ্দীন জাহাঙ্গীর সরকারি কলেজ, কারিগরি কলেজ, মোহর আলী উচ্চ বিদ্যালয় ও তাজকেরাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি স্থাপনা রয়েছে। এছাড়া রাস্তার পশ্চিম পাশে বাস টার্মিনাল ও উপজেলা পরিষদ এবং পূর্ব দিকে আনসার ক্যাম্প রয়েছে। ফলে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও শিক্ষার্থী এ সড়ক দিয়ে চলাচল করেন।
তাদের অভিযোগ, রাস্তার জায়গা দখলের কারণে সড়কটি সংকুচিত হয়ে পড়ায় স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে পারছে না। এমনকি জরুরি প্রয়োজনে একটি অ্যাম্বুলেন্সও রাস্তা দিয়ে প্রবেশ করতে পারে না। এতে দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে বড় ধরনের সমস্যার আশঙ্কা রয়েছে।
বক্তারা আরও বলেন, এলাকাবাসীর উদ্যোগে এর আগে একবার অবৈধ দখল উচ্ছেদের প্রক্রিয়া শুরু হলেও পরবর্তীতে তা আর কার্যকর হয়নি। দ্রুত সরকারি রাস্তা দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে সরকারি রাস্তার অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য দেন কলেজ শিক্ষার্থী ফয়সাল আহমেদ, স্থানীয় বাসিন্দা আবুল কাশেম, আব্দুর রাকিব, আফজাল হোসেন, সোহেল রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এই বাংলা/এমএস