নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরল নাইট্রোজেনবাহী একটি ট্রাকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ট্রাক থেকে গ্যাস নির্গত হয়ে প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৬টার দিকে বনপাড়া এলাকার মোল্লা হোটেল-সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, তরল নাইট্রোজেন বহনকারী ট্রাকটি যশোরের বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বাইপাস এলাকায় মোল্লা হোটেলের সামনে পৌঁছালে ট্রাকটির একটি অংশে ছিদ্র হয়ে বিকট শব্দ হয়। পরে সেখান দিয়ে তরল নাইট্রোজেন বের হতে শুরু করে।
তিনি জানান, ট্রাকটিতে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের তরল নাইট্রোজেন ছিল। এর প্রায় পুরোটাই বেরিয়ে যায়। গ্যাস নির্গত হওয়ার পর নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয় এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়।
পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও হাইওয়ে পুলিশের যৌথ তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, হঠাৎ সাদা ধোঁয়ায় মহাসড়ক ও আশপাশের এলাকা ঢেকে যাওয়ায় প্রথমে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এর আগে গত ২৫ জুলাই একই মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নাইট্রোজেনবাহী আরেকটি ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটেছিল।
এই বাংলা/এমএস