ফরিদপুরের সদরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল পরিবার ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৩টায় সদরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। তেলাওয়াত করেন সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সদরপুর থানার অফিসার ইনচার্জ আল মামুন শাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, উপজেলা জামায়াতের আমির দেলোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আলী আক্কাছ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আলোচনা সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়িয়ে পড়া প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
তারা বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য, ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা উচিত নয়। অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই কোনো তথ্য প্রচারের আগে এর সত্যতা যাচাই এবং দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
ভিক্ষাবৃত্তি নিরসনে ১০ পরিবারকে সহায়তা
সভা শেষে সদরপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল ১০টি পরিবারকে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে হাঁস-মুরগি পালনের উপকরণ দেওয়া হয়। এসব পরিবারের জন্য টিনের শেড/ঘর এবং হাঁস-মুরগির বাচ্চা অনুদান হিসেবে প্রদান করা হয়।
এ ছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং তাদের স্বাবলম্বী করে তুলতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস