বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

নাটোরে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনও কার্যালয় ঘেরাও

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নাটোরের বাগাতিপাড়ায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে দুই দফায় বিক্ষোভ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাওয়ের ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে।

বাগাতিপাড়া উপজেলা ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশে অনিয়ম করেছেন এবং আওয়ামী লীগকে সুযোগ করে দিয়েছেন। একই সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

তবে বিক্ষোভকারীরা ভাঙচুর ও সাংবাদিকদের মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানার নেতৃত্বে মালঞ্চি রেলগেট এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা পরিষদে গিয়ে দ্বিতীয় তলায় ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় ইউএনওর কক্ষের সামনে ভাঙচুর, সাংবাদিকদের সঙ্গে ধাক্কাধাক্কি ও তাদের মুঠোফোন নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

পরে দুপুর ২টার দিকে বিক্ষোভকারীরা দ্বিতীয় দফায় উপজেলা পরিষদে অবস্থান নিয়ে ইউএনওকে অবরুদ্ধ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের তৎপরতা নিয়ে প্রশ্ন ওঠে।

ঘটনার সময় বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে অবস্থান করছিলেন। বিক্ষোভকারীদের পক্ষ থেকে নিয়োগের ফলাফল বাতিলের দাবি জানানো হলেও সাংবাদিকদের ওপর হামলা ও লাইভ সম্প্রচার বন্ধে হুমকির বিষয়ে তারা কিছু জানেন না বলে জানিয়েছেন।

এদিকে, একই নিয়োগের ফলাফলকে কেন্দ্র করে নাটোরের লালপুর উপজেলাতেও ছাত্রদলের বিক্ষোভের খবর পাওয়া গেছে। সেখানে স্থানীয় দুই সাংবাদিক ভিডিও ধারণ করতে গেলে তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

ঘটনাগুলো নিয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর