বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

নাটোরে শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নাটোর শহরের সরকারি খাস জমিতে শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা।

বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আসমা শাহিনের হাতে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন লিজ বাতিল ও শিশুপার্ক বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সদস্যসচিব আবু ওবাইদুল কবির লিয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাজাহান, যুগ্ম আহ্বায়ক মো. ফারুকুল হক শামীম, আলী নেওয়াজ বিন্টুসহ কমিটির সদস্যরা।

এ সময় বক্তারা বলেন, পুরাতন জিন্নাহ স্কুল মোড়সংলগ্ন তৎকালীন দৈনিক প্রকাশ পত্রিকার কার্যালয় ও এর পাশ দিয়ে বয়ে যাওয়া নারদ নদের পাড়ের সরকারি খাস জমিতে স্থানীয় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে একটি শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপন করা প্রয়োজন। এতে শিশুদের বিনোদনের পাশাপাশি জ্ঞানচর্চার সুযোগ তৈরি হবে এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠতে সহায়তা করবে।

বক্তারা আরও বলেন, ওই খাস জমি বিগত সরকারের সময়ে একজন সাংবাদিককে লিজ দেওয়া হয়েছিল বলে তারা দাবি করেন। সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় নিয়ে ওই লিজ বাতিল করে সেখানে একটি শিশুবান্ধব পার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবি জানান তারা।

এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান স্মারকলিপিদাতারা। একই সঙ্গে তাঁরা এ বিষয়ে প্রশাসনের ওপর আস্থা রাখার কথা জানান।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর