ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হেলমেট ও মাস্ক পরে ঝটিকা মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের কালিয়ার জোড় এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ভিডিও সূত্রে জানা যায়, প্রায় ৪৩ সেকেন্ডের ওই মিছিলে ছয়জন অংশ নেন। তাদের মধ্যে চারজন হেলমেট ও মাস্ক পরিহিত ছিলেন। অন্য দুজনের মুখ খোলা ছিল। মিছিল থেকে ‘আমির হোসেন আমুসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি চাই’ এবং ‘বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে’—এ ধরনের বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিলে নেতৃত্ব দেন নলছিটি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকাশ দাশ ও মো. শরিফুল ইসলাম শরিফ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে মিছিলের একটি ভিডিও আওয়ামী লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় ভেরিফায়েড ফেসবুক পেজ এবং শরিফুল ইসলামের ফেসবুক আইডিতে প্রকাশ করা হয়েছে। সেখানে এটিকে ‘নলছিটি পৌর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং নেতৃত্বদানকারীদের নামও দেওয়া হয়েছে।
আগামী ১৫ আগস্টকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্য তৎপরতা নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘চোরাগোপ্তা’ভাবে নির্জন এলাকায় মিছিলের একটি ভিডিও পুলিশের নজরে এসেছে। ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তের কাজ চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বাংলাদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে নলছিটির দপদপিয়া খয়রাবাদ সেতু সংলগ্ন এলাকায় সংগঠনটির নেতাকর্মীদের একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
এই বাংলা/এমএস