বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

নাগরপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ, মানববন্ধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

টাঙ্গাইলের নাগরপুরে বৈশাখী টেলিভিশন ও আমার দেশ পত্রিকার নাগরপুর প্রতিনিধি মো. জসিউর রহমান লুকনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন কয়েকজন ভুক্তভোগী। অভিযোগের তদন্ত করে দ্রুত তাঁর অপসারণ ও শাস্তির দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নাগরপুর উপজেলা চত্বরে ভুক্তভোগীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংহতি জানিয়ে সিএনজি চালিত অটোরিকশা, অটোটেম্পু ও ব্যাটারিচালিত ইজিবাইক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে কাঠুরি গ্রামের ব্যবসায়ী মো. জুয়েল মিয়া ও মতিন মিয়া, রাথুরা গ্রামের মো. দেলোয়ার হোসেন মায়া, রসুলপুর-গয়হাটা গ্রামের মো. মোনায়েম, পাকুটিয়ার ইমরান খান ও বারাপুষা গ্রামের সোহেল রানা বক্তব্য দেন।

মানববন্ধনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসিল্যান্ড কার্যালয়ের সাবেক গাড়িচালক মেনায়েম অভিযোগ করেন, সাংবাদিক লুকন সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে এক লাখ টাকা নিয়েছেন। তাঁর দাবি, ‘অত্যাচারে অতিষ্ঠ হয়ে’ তাঁকে নাগরপুর ছাড়তে হয়েছে।

ব্যবসায়ী জুয়েল মিয়া অভিযোগ করেন, মাটির ব্যবসা করতে হলে তাঁকে ২০ হাজার টাকা দিতে হবে বলে ফোনে জানানো হয়। ভয়ে তিনি ১০ হাজার টাকা দিয়েছেন এবং পরে বাকি টাকা দেওয়ার জন্য নিয়মিত চাপ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

সিএনজি চালক ইব্রাহিম অভিযোগ করেন, রাস্তায় গাড়ি বের করলে তাঁকে টাকা দিতে হয়। এ কারণে তিনি ও অন্য চালকেরা হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন।

রাথুরা বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন মায়া অভিযোগ করেন, তাঁকে নাগরপুর তালতলা এলাকায় ডেকে নিয়ে অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ করা হয়। পরে তাঁর বিরুদ্ধে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে ১০ হাজার টাকা দাবি করা হলে তিনি ৫ হাজার টাকা দিতে বাধ্য হন বলে দাবি করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে সাংবাদিক মো. জসিউর রহমান লুকনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তবে এসব অভিযোগের বিষয়ে সাংবাদিক মো. জসিউর রহমান লুকনের বক্তব্য জানা যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর