বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

সদরপুরে অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাইসা আফরিনের জানাজা-দাফন সম্পন্ন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলার বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাইসা আফরিনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সদরপুর এতিমখানা ও মাদরাসা জামে মসজিদে রাইসার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে উপজেলার ঢেউখালী ইউনিয়নের দশহাজার কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন হাফেজ লুৎফর রহমান।

জানাজার আগে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী ও সদরপুর মাদরাসার শিক্ষক মাওলানা আমিনুল ইসলাম।

রাইসা আফরিন সদরপুর উপজেলার নয়রশি গ্রামের বাবু আহমেদ (দাদা ভাই)-এর মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাইসা দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিল। উপজেলা প্রশাসন ও হিতাকাঙ্ক্ষীদের সহযোগিতায় বিপুল অর্থ ব্যয়ে তার অস্ত্রোপচারও সফলভাবে সম্পন্ন হয়েছিল। তবে শেষ পর্যন্ত বুধবার (১২ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে সে।

মেয়েকে হারিয়ে শোকে বারবার কান্নায় ভেঙে পড়ছেন রাইসার বাবা-মা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

রাইসার মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। প্রিয় শিক্ষার্থীকে হারিয়ে শোকাহত তার শিক্ষক ও সহপাঠীরাও। মেধাবী এই কিশোরীর অকাল মৃত্যুতে পরিবার, বিদ্যালয় ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

রাইসার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর