মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর পাড়ে ঘুরতে আসা এক পর্যটকের ওপর হামলা করে মোবাইল ফোন ও টাকা লুটের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বুধবার দুপুরে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪(১) ধারায় দায়ের করা মামলায় আটক চারজনকে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন। এর আগে মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার বয়ড়া খালপাড় এলাকার আন্ধারমানিক পদ্মা নদীর পাড়ে ঘুরতে যান নাঈম মোল্লা। সেখানে ৬-৭ জনের একটি দল তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে মোবাইল ফোন ও টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর নাঈম মোল্লা হরিরামপুর থানায় গিয়ে অভিযোগ করেন। তাঁর দেওয়া তথ্য ও শনাক্তের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে চারজনকে আটক করে।
আটকরা হলেন—আন্ধারমানিক গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রিফাত ওরফে লাল (২২), একই গ্রামের সাইফুল মিয়ার ছেলে সাগর (২১), দড়িকান্দি গ্রামের শরীফ শিকদারের ছেলে অভি শিকদার (২৩) এবং দিয়াপাড় গ্রামের সাইম হোসেন (২৪)।
হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪(১) ধারায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
এই বাংলা/এমএস