কুড়িগ্রামের উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ ইবনে সিদ্দিককে আদালত অবমাননার অভিযোগে তলব করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারে অবহেলা ও গাফিলতির অভিযোগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। আগামী ৩০ আগস্ট আদালতে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) কুড়িগ্রাম জেলা জজ আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মোহাম্মদ নাজমুল হক এ আদেশ দেন। আদালতের আদেশের কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মো. সাঈদ ইবনে সিদ্দিক।
আদালত সূত্রে জানা যায়, এনআই অ্যাক্টের একটি মামলায় উলিপুরের বাসিন্দা পুলিশ কনস্টেবল জাহিদ হাসানকে গত ১৬ ফেব্রুয়ারি এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি পলাতক থাকায় উলিপুর ও লালমনিরহাটে তাঁর উল্লেখিত ঠিকানায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানাটি তামিলের দায়িত্ব দেওয়া হয় উলিপুর থানার ওসিকে।
আদালতের আদেশে বলা হয়েছে, পরোয়ানা কার্যকর করতে ওসি ‘অবহেলা ও গাফিলতি’ করেছেন। এ কারণে আদালতের কাজে অসহযোগিতা, আদালত অবমাননা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত কারণ দর্শাতে বলা হয়েছে।
আদেশের অনুলিপি রংপুর রেঞ্জের ডিআইজি ও কুড়িগ্রামের পুলিশ সুপারের কাছেও পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে উলিপুর থানার ওসি মো. সাঈদ ইবনে সিদ্দিক বলেন, ‘মামলাটি অর্থসংক্রান্ত। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে তিনি বাড়িতে না আসায় গ্রেপ্তারে কিছুটা বিলম্ব হয়েছে। আশা করি, নির্ধারিত সময়ের (৩০ আগস্ট) আগেই তাঁকে গ্রেপ্তার করা হবে।’
এই বাংলা/এমএস