শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

৩৩ হাজার ভোল্টের খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট, সদরপুরে নির্মাণশ্রমিক নিহত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব শেখ (২৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রুবেল শেখ (৩২) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব শেখ ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবিল মুন্সীর ডাঙ্গী গ্রামের ওসমান শেখের ছেলে। আহত রুবেল শেখ ফরিদপুর সদর ইউনিয়নের সিএনবি ঘাট নর্থ চ্যানেল এলাকার শাহজাহান শেখের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কালিখোলার পাশের ১৪ রশি বাজারের ব্যবসায়ী রাজিব বণিকের নির্মাণাধীন ভবনে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। ভবনের সামনের দিকে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন ঝুঁকিপূর্ণভাবে খোলা অবস্থায় ঝুলছিল বলে অভিযোগ রয়েছে।

শুক্রবার সকালে ভবনের ছাদে বিমের রড সাজানোর সময় সজিবের হাতে থাকা একটি লম্বা রড অসাবধানতাবশত বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় পাশে থাকা শ্রমিক রুবেল শেখও আহত হন।

পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজিব শেখকে মৃত ঘোষণা করেন। আহত রুবেল শেখকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান। তিনি বলেন, ‘লাশের সুরতহাল প্রস্তুতের কাজ চলছে। সুরতহাল শেষে লাশ থানায় নেওয়া হবে। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এদিকে, দুর্ঘটনার পর নির্মাণাধীন ভবনের পাশে খোলা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যুৎ সঞ্চালন লাইন থাকার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন নিরাপদ করার পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর