বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

সিংড়ায় মাদক সেবনে তিনজনের কারাদণ্ড

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

নাটোরের সিংড়ায় মাদক সেবনের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া পৌর শহরের থানা মোড় ও নিংগইন এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদকসহ তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, থানা মোড় এলাকার কবীর ফার্মেসির মালিক মো. আব্দুর রহিমকে (২৫) গাঁজা সেবনের দায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি গাইনপাড়া মহল্লার মো. গাফফার প্রাংয়ের ছেলে।

এ ছাড়া নিংগইন ভাটোপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. সৌরভ আলীকে (১৯) ইয়াবা সেবনের দায়ে তিন মাস এবং একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. ওসমানকে (৩৫) ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

একই সঙ্গে তিনজনকেই ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো খবর