বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

কদমতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

শিক্ষার মানোন্নয়ন, সামাজিক মূল্যবোধ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের নতুন হাট পোরগোলা মাধ্যমিক বিদ্যালয়ে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশ নেন।

কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও টিম প্রধান এম এ নকিব নাছরুল্লাহ্। তিনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা, সামাজিক শিষ্টাচার ও মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো নিয়মিত পরিষ্কার করার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

জেলা তথ্য অফিস, পিরোজপুরের আয়োজনে এবং ইউনিসেফ, বরিশালের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মসূচির বাস্তবায়নে সার্বিক দায়িত্ব পালন করে কদমতলা ইয়ুথ ফাউন্ডেশন।

কর্মসূচিতে সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা সম্ভব।

অনুষ্ঠান শেষে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

এই সম্পর্কিত আরো খবর