শিক্ষকতাকে মহান পেশা উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঁঠালিয়া উপজেলা যুব বিভাগের সেক্রেটারির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মো. নিজাম উদ্দিন।
শনিবার (১৫ আগস্ট) এক ভিডিও বার্তায় তিনি তাঁর পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।
মো. নিজাম উদ্দিন কাঁঠালিয়ার মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারির দায়িত্ব পালন করে আসছিলেন।
ভিডিও বার্তায় নিজাম উদ্দিন বলেন, “শিক্ষকতা একটি মহান পেশা। আমি এই পেশার সঙ্গে থেকে দায়িত্ব পালন করতে চাই। এ কারণে সম্পূর্ণ স্বেচ্ছায় রাজনীতি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ এবং শিক্ষকতা পেশার মর্যাদা রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার মো. মজিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জেলা পর্যায়ের একটি সভায় ব্যস্ত থাকার কথা জানান। নিজাম উদ্দিনের পদত্যাগের বিষয়ে তিনি এখনো অবগত নন বলেও জানান।
এই বাংলা/এমএস