হিন্দু সম্প্রদায়ের মানুষের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বা হুমকি-ধমকি দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ প্রসঙ্গে তিনি বলেন, “হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বা হুমকি-ধামকি দিলে তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।”
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে নাটোর সদর উপজেলার ৮২টি এবং নলডাঙ্গা উপজেলার ৫৯টি দুর্গামন্দিরে সরকারি অনুদানের চাল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রতিটি মন্দিরে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানানো হয়।
দুলু বলেন, যুগ যুগ ধরে হিন্দু-মুসলমান একসঙ্গে বসবাস করে আসছেন। ঈদে হিন্দু সম্প্রদায়ের মানুষ মুসলিমদের বাড়িতে যেতেন, আবার পূজায় মুসলিমরা হিন্দুদের বাড়িতে যেতেন। নাড়ু-মোয়া খাওয়া ও আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। তাঁদের মধ্যে কোনো বিভেদ ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
গত ১৭-১৮ বছরে সেই সামাজিক মেলামেশার সুযোগ কমে গেছে বলে উল্লেখ করেন এই সংসদ সদস্য।
দুলু আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে নির্দেশ দিয়েছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যেহেতু তাঁদের ভোট দিয়েছেন, তাই তাঁদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা তাঁদের দায়িত্ব।
হিন্দু সম্প্রদায়ের মানুষকে আশ্বস্ত করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, কেউ কোনো হুমকি দিলে তাঁকে ফোন করতে হবে। তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। যত দিন বেঁচে থাকবেন, তত দিন তাঁদের নিরাপত্তায় নিজেই পাহারায় থাকবেন বলেও মন্তব্য করেন তিনি। এ সময় হিন্দু সম্প্রদায়ের মানুষকে নির্ভয়ে ও আত্মবিশ্বাসের সঙ্গে চলাফেরা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহার আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ দলীয় নেতাকর্মীরা।
এই বাংলা/এমএস