রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

ভোলাহাটে ৩১০ ভারতীয় চোরাই মোবাইল উদ্ধার, নারী গ্রেপ্তার

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩১০টি ভারতীয় পুরোনো চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেসমিন খাতুন (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভোলাহাট থানার পাশের যাদুনগর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ওই গ্রামের মঞ্জুর হোসেন (২৭)-এর বাড়ির দক্ষিণ পাশের মাটির শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় একটি বড় নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩১০টি পুরোনো মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, উদ্ধার হওয়া মোবাইল ফোনের মধ্যে রয়েছে ভিভো ১১০টি, অপ্পো ৭০টি, রিয়েলমি ৩৬টি, রেডমি ১০টি, স্যামসাং ২৫টি, ওয়ানপ্লাস ৮টি, আইকিউ ৯টি, মটোরোলা ১৫টি, কোকো ৩টি, নারজো ৪টি, পোকো ১০টি এবং অন্যান্য ব্র্যান্ডের আরও ১০টি ফোন। উদ্ধারকৃত মোবাইলগুলোর আনুমানিক মূল্য ১৮ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মঞ্জুর হোসেনের স্ত্রী জেসমিন খাতুনকে গ্রেপ্তার করা হয়। তিনি যাদুনগর গ্রামের বাসিন্দা। উদ্ধার করা মোবাইল ফোনগুলো জব্দ করেছে পুলিশ।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর