রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ কার্যালয় থেকে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এলাকায় ফিরে আসে।

র‍্যালিতে নেতৃত্ব দেন গলাচিপার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী। এতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুজ্জামান, গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান, প্রেসক্লাব গলাচিপার সভাপতি মো. খালিদ হোসেন মিল্টন, সাধারণ সম্পাদক মু. জিল্লুর রহমান জুয়েলসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, মৎস্যজীবী ও জেলেরা অংশ নেন।

র‍্যালি শেষে উপজেলার সরকারি দীঘিসহ বিভিন্ন জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে বেলা সাড়ে ১১টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ।

সভায় বক্তারা মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। আধুনিক পদ্ধতিতে মৎস্যচাষ সম্প্রসারণের মাধ্যমে মৎস্যজীবী ও চাষিদের আর্থিকভাবে স্বাবলম্বী করার ওপরও গুরুত্ব দেন তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত সিকদার, উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান এবং প্রেসক্লাব গলাচিপার সভাপতি খালিদ হোসেন মিল্টন।

এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির গলাচিপা উপজেলা শাখার সভাপতি মো. জাকির হোসেন খান, সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা মৎস্য দলের সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ খোকনসহ মৎস্যজীবী ও জেলেরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মৎস্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে দুইজন সফল মৎস্যচাষিকে ক্রেস্ট প্রদান করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর