নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে আয়োজিত কর্মসূচিতে সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনায় ছাত্রদলের তিন কর্মীকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক আবু রায়হানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন—লালপুর উপজেলা ছাত্রদলের কর্মী শফিকুল ইসলাম শফি, জাহিদ হোসেন ও মামুন আলী।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ আগস্ট লালপুর উপজেলা পরিষদ চত্বরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলাকালে এনটিভি অনলাইনের প্রতিনিধি সজিবুল হৃদয় ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি রাশেদুল ইসলাম লাঞ্ছিত হন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় শফিকুল ইসলাম শফি, জাহিদ হোসেন ও মামুন আলীর জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়।
ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। একই সঙ্গে নেতা-কর্মীদের দলীয় শৃঙ্খলা মেনে চলার এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “উপজেলায় কোনো কমিটি না থাকায় বহিষ্কৃতদের কোনো পদ-পদবি নেই। তারা সাধারণ কর্মী বা সমর্থক।”
এই বাংলা/এমএস