চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) নগরীর জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে মিরসরাইয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের সদস্যরা অংশ নেন।
এসোসিয়েশনের সভাপতি মাহফুজুল হক মনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামসুন্নাহার বেগম। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা। সঞ্চালনায় ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌজা ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার হামিদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, মিরসরাই এসোসিয়েশন মিরসরাইবাসীর একটি গুরুত্বপূর্ণ সংগঠন। দল-মত ও রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে এলাকার মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মিরসরাইকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি শামসুন্নাহার বেগম এমপি সংগঠনের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। ভবিষ্যতে মিরসরাইবাসীর কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে এসোসিয়েশনের উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী কমিটি, দাতা ও পৃষ্ঠপোষক সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন। নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন ও সংসদ সদস্য শামসুন্নাহার বেগমকে ফুলেল শুভেচ্ছা, সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। একই সঙ্গে নবাগত দাতা ও পৃষ্ঠপোষক সদস্যদেরও সংবর্ধনা প্রদান করা হয়।
সমাপনী বক্তব্যে এসোসিয়েশনের সভাপতি মাহফুজুল হক মনি অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথি, সদস্য, দাতা ও পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা জানান। সংগঠনের ঐক্য ও ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতেও মিরসরাইবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্অনুষ্ঠানের আহ্বায়ক ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা আয়োজন সফল করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান।
পুনর্মিলনী উপলক্ষে মিরসরাইয়ের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবানের আয়োজন করা হয়। পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ক্লোজআপ ওয়ানখ্যাত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বিপুলসংখ্যক সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এই বাংলা/এমএস