শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কালিয়াকৈরে ইবনে সিনার হারবাল কারখানায় আগুন, পুড়ল ওষুধের গুদাম

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির হারবাল শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে লাগা এ আগুনে কারখানার ওষুধ তৈরির যন্ত্রপাতি ও গুদামে রাখা ওষুধ পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানার হারবাল বিভাগের একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে আগুন দ্রুত পাশের ওষুধের গুদামে ছড়িয়ে পড়ে। কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ সরঞ্জাম দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে কোনাবাড়ী ও কাশিমপুর ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট যোগ দেয়।

কারখানাটির কার্যনির্বাহী ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক বলেন, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের হারবাল শাখা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো করা সম্ভব হয়নি। ওষুধের গুদামে থাকা সব ওষুধ পুড়ে গেছে বলে তিনি জানান।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর