রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

চরভদ্রাসনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পোনা অবমুক্ত ও চাষিদের পুরস্কার

চন্দ্রভাসন (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

‘রুপালি মৎস্য, স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র‍্যালি, মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের পুরস্কৃত করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ। উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান খান এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমেশ দাশ।

অনুষ্ঠানে মৎস্যজীবীদের পক্ষ থেকে বক্তব্য দেন মো. কামাল খান। সরকারি কর্মকর্তাদের পক্ষে বক্তব্য দেন কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুস সবুর মোল্ল্যা (গমছা কাজল)।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফফর হোসেন জাফর, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, মৎস্যজীবী, মৎস্যচাষি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ মিজানুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে মৎস্য খাতের বড় ভূমিকা রয়েছে। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যচাষিদের উৎসাহিত করতে সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।

নদী, খাল ও অন্যান্য জলাশয়ে মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র রক্ষার ওপরও গুরুত্ব দেন বক্তারা। তাদের মতে, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষ বাড়ানো গেলে দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি চাষিদের আর্থিক সক্ষমতাও বাড়বে।

মৎস্য খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষি ও মৎস্যজীবীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচির মাধ্যমে চরভদ্রাসনে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতি সংরক্ষণ এবং মৎস্যচাষিদের উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর