মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

রনির চিকিৎসায় পাশে ছাত্রদল নেতা হৃদয়, ব্যয়ভার বহনের আশ্বাস চবি উপাচার্যের

চবি প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে গুরুতর আহত শিক্ষার্থী রনি হাসান বরাতের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। তাঁর উদ্যোগে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এলে আহত শিক্ষার্থীর চিকিৎসার প্রয়োজনীয় ব্যয়ভার বহনের আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

রনি হাসান বরাত বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কাবাডি দলের সদস্য। সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে তিনি গুরুতর আহত হন।

এর আগে কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে রোপ স্কিপিং ইভেন্টে রৌপ্য পদক অর্জন করেন রনি।

আহত হওয়ার পর নিজের অর্থায়নে চিকিৎসা চালিয়ে আসছিলেন রনি। তবে গত ৭ আগস্ট করা এমআরআইসহ বিভিন্ন পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর চিকিৎসকরা জানান, তাঁর হাঁটুর গুরুত্বপূর্ণ দুটি লিগামেন্ট—ACL ও LCL ছিঁড়ে গেছে। দ্রুত অস্ত্রোপচার না করা হলে জটিলতা বাড়তে পারে বলেও চিকিৎসকরা পরামর্শ দেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারে প্রায় ১ লাখ ৯৫ হাজার টাকা প্রয়োজন। তবে এই বিপুল চিকিৎসা ব্যয় বহন করা তাঁর পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আহত শিক্ষার্থী রনির চিকিৎসায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। তিনি ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে রনির চিকিৎসায় প্রশাসনিক সহায়তার দাবি জানান।

সাক্ষাৎকালে উপাচার্য বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে রনির চিকিৎসার প্রয়োজনীয় ব্যয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বহনের আশ্বাস দেন।

এ বিষয়ে সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকি। রনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে গিয়ে আহত হয়েছে। একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলতে গিয়ে গুরুতর আহত হওয়ার পর তার চিকিৎসার ব্যয়ভার বহন করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নৈতিক দায়িত্ব। তাই ছাত্রদলের পক্ষ থেকে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন রনির সম্পূর্ণ চিকিৎসা ব্যয় বহনের নিশ্চয়তা দিয়েছে। আমরা আশা করি, দ্রুত তার প্রয়োজনীয় অস্ত্রোপচার সম্পন্ন হবে এবং সে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরবে।”

বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলতে গিয়ে আহত একজন শিক্ষার্থীর চিকিৎসায় প্রশাসনের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে রনির দ্রুত অস্ত্রোপচার ও সুস্থতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা জানিয়েছেন তাঁর সহপাঠীরা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর