চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, সুনামধন্য ধারাভাষ্যকার ও স্থানীয়ভাবে পরিচিত গ্রাম্য চিকিৎসক মো. সেলিম রেজা মুক্তা (৪৭) আর নেই। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, বাবা-মা, আত্মীয়স্বজন, সাংবাদিক সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সেলিম রেজা মুক্তা ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা জিন্নাহনগর (উত্তরটোলা) গ্রামের মো. রবিউল ইসলাম রবুর ছেলে। সাংবাদিকতার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে ধারাভাষ্যকার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নিজ এলাকায় গ্রাম্য চিকিৎসক হিসেবেও তিনি পরিচিত ছিলেন।
তাঁর মৃত্যুতে ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি কায়সার আহমেদ, সহসভাপতি এম. এস. আই শরীফ, সাধারণ সম্পাদক মো. শাহ্ কবিরসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সেলিম রেজা মুক্তার নামাজে জানাজা মঙ্গলবার রাত পৌনে ৮টায় পোল্লাডাঙ্গা কবরস্থান ময়দানে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মরহুম সেলিম রেজা মুক্তা ৩ নম্বর দলদলী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আলাউদ্দিন এবং ভোলাহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মইনুল ইসলামের ভাতিজা।
এই বাংলা/এমএস