নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর মহাবিদ্যালয়ে বই বিতরণ উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের মোমিনপুর মহাবিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে শিক্ষার অগ্রগতিকে আরও জোরদার করার পরিকল্পনা হাতে নিয়েছে।
তিনি বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। বই-পুস্তকে বিভিন্ন মূর্তির ছবি দিয়ে বিভেদ সৃষ্টি করা হয়েছে।”
শফিকুল ইসলাম বুলবুল আরও বলেন, “আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছিলেন। ইনশাআল্লাহ আগামী দিনে ডিগ্রি থেকে এমএ পর্যন্ত মেয়েদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করবেন বাংলাদেশের যোগ্য মায়ের যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান।”
৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মো. মোজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোমিনপুর মহাবিদ্যালয়ের সভাপতি আবদুল জলিল, প্রভাষক ও মোমিনপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আহাদ আলী, অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গণি, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাবেক মেম্বার জহির উদ্দীন, ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি দুলাল হোসেন এবং ছাতনী ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দীন মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা এবং অভিভাবকদের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
পরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
এই বাংলা/এমএস