বরগুনা জেলা কল্যাণ ফোরামের ১১ সদস্যের আংশিক কমিটি গঠন
বরগুনা প্রতিনিধি
প্রকাশকালঃ
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
বরগুনা জেলার মানুষের কল্যাণে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করেছে বরগুনা জেলা কল্যাণ ফোরাম। রাজধানীর আদাবরে টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বরগুনার কৃতী সন্তান মো. জাহিদুল ইসলামকে সভাপতি এবং বেতাগীর বিশিষ্ট ব্যবসায়ী মো. আল মামুন শিপলুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে জি এম জাফর আহমেদ সহ-সভাপতি, আজীম রিপন যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসাদুজ্জামান জুয়েল কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া আরও ছয়জনকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।
মতবিনিময় সভায় বরগুনার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জেলার মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় অসহায় মানুষের চিকিৎসা ও শিক্ষায় সহায়তা, দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন, শীতবস্ত্র বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগে জরুরি মানবিক সহায়তা প্রদানের পরিকল্পনা তুলে ধরা হয়।
ফোরামের নেতৃবৃন্দ জানান, দল-মত ও পেশার ঊর্ধ্বে উঠে বরগুনার মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে জেলার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ফোরামের মূল প্রতিপাদ্য— “মানবিকতায় ঐক্য, সহযোগিতায় শক্তি”।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।