সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আটক ১

নীলফামারী প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মাদক সেবনসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে দৈনিক বাংলাদেশ সময়-এর জেলা প্রতিনিধি লিটন সরকারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে নীলফামারী আদালত চত্বরের সম্রাট হোসেন বাবুর হোটেলে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য, সম্প্রতি মাদক সেবনসংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক লিটন সরকার। সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে অ্যাডভোকেট বিপ্লবের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল ওই হোটেলে গিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় তাকে মারধর ও লাঞ্ছিত করা হয়।

হামলা ঠেকাতে গিয়ে নীলফামারী আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) আবু মো. সোয়েম এবং নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আসাদুজ্জামান খান রিনো আহত হয়েছেন বলেও জানা গেছে।

ঘটনার পর আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় একজনকে আটক করা হয়।

সাংবাদিক লিটন সরকার বলেন, “মাদক সেবনের বিষয়ে সংবাদ প্রকাশের পর থেকেই আমাকে বিভিন্নভাবে চাপ ও হুমকি দেওয়া হচ্ছিল। সোমবার আদালত চত্বরে হঠাৎ কয়েকজন আমার ওপর হামলা চালায়। এ সময় আমাকে মারধর করা হয়।”

আহত জিপি আবু মো. সোয়েম ও পিপি মো. আসাদুজ্জামান খান রিনোর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, আদালত চত্বরে হামলার ঘটনায় একজনকে আটক করে থানায় রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। তারা বলেন, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকের ওপর হামলা বা ভয়ভীতি প্রদর্শন স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

এই বাংলা/এমএস
এই সম্পর্কিত আরো খবর