মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

বৈরী আবহাওয়ার সুযোগে সুন্দরবনে বনদস্যুদের হানা, ৫ জেলে অপহৃত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বঙ্গোপসাগরে সৃষ্ট বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে জেলেদের ওপর হামলা চালিয়ে পাঁচজনকে অপহরণ করেছে কথিত বনদস্যু বাহিনী। এ সময় একটি মাছ ধরার ট্রলারও নিয়ে গেছে তারা।

শনিবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে শরণখোলা রেঞ্জের শ্যালার চর ও নারকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন—শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর ও উত্তর রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হাওলাদার, শিহাব হাওলাদার, সাব্বির হাওলাদার, রিপন হাওলাদার ও জাকির হাওলাদার।

অপহৃত জেলেদের মহাজন বাবুল মাঝি জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় জেলেরা নিরাপদ আশ্রয়ের জন্য শ্যালার চরে অবস্থান নিয়েছিলেন। এ সময় ‘বড় জাহাঙ্গীর বাহিনী’ নামে একটি সশস্ত্র দল অতর্কিতভাবে হামলা চালিয়ে তিনটি ট্রলার থেকে পাঁচ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। পরে তাদের ব্যবহৃত একটি ফিশিং ট্রলারও নিয়ে যায় দস্যুরা।

ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অপহৃত জেলেদের পরিবারের সঙ্গে দস্যুদের কোনো ধরনের যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন স্বজনরা। এতে পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যালার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে দস্যুরা হামলা চালিয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অপহৃত জেলেদের উদ্ধারে কোস্ট গার্ডের সহায়তা চাওয়া হয়েছে। পাশাপাশি সুন্দরবনের ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে।

স্থানীয় জেলেরা সুন্দরবনের অভ্যন্তরে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর