বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর সেনাসদরে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই বাহিনীর পারস্পরিক সহযোগিতা, পেশাগত সম্পর্ক, জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার, সমন্বিত কার্যক্রম বৃদ্ধি এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও উভয় পক্ষ আলোচনা করেন।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে দায়িত্ব গ্রহণ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী আরও আধুনিক, দক্ষ ও যুগোপযোগী বাহিনী হিসেবে দেশের সামুদ্রিক নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এর আগে সেনাসদরে পৌঁছালে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে তাকে স্বাগত জানান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ দুই বাহিনীর পারস্পরিক আস্থা, পেশাগত সম্পর্ক এবং আন্তঃবাহিনী সমন্বয় আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় সেনাবাহিনী ও নৌবাহিনীর সমন্বিত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এই সম্পর্কিত আরো খবর

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গভীর নিম্নচাপটি বুধবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার রাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।

এই বাংলা/এমএস

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত