বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জে ১৩৮ ভিডব্লিউবি কার্ডধারী পরিবারের মাঝে চাল বিতরণ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৬ নম্বর বুড়িগঞ্জ ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ১৩৮টি কার্ডধারী অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কালাম আজাদ।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ইউনিয়নের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর খাদ্য সহায়তা নিশ্চিত করতে নিয়মিত চাল বিতরণ করা হচ্ছে। এবারের কার্যক্রমে নতুন করে আরও ১১টি কার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন কার্ড যুক্ত হওয়ায় এ দফায় মোট ১৩৮টি পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. তোহিদুর রহমান, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. সেলিম এবং ইউপি সদস্য ছানোয়ার হোসেন, আব্দুল মোত্তালেব ও আবু জাফর রাজু।

ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কালাম আজাদ বলেন, সরকারি নির্দেশনা ও নির্ধারিত নীতিমালা অনুসরণ করে ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগীদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। প্রকৃত অসহায় ও দরিদ্র পরিবারগুলো যাতে এ কর্মসূচির সুবিধা পায়, সে জন্য তালিকা যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গভীর নিম্নচাপটি বুধবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার রাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।

এই বাংলা/এমএস

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত