কালীগঞ্জে ভূমিদস্যুর বিরুদ্ধে বিধবার সংবাদ সম্মেলন, বসতভিটা ফেরতের দাবি

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামে বসতবাড়িতে হামলা, লুটপাট এবং জমি জবরদখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বিধবা মাসুমা বেগম। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দখলকৃত সম্পত্তি উদ্ধার করে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে মাসুমা বেগম অভিযোগ করেন, বড়গাঁও গ্রামের আব্দুল আউয়াল শেখ, তার ছেলে ওমর ফারুক শেখ, আলমগীর হোসেন শেখ বকুল ও জাইদুল ইসলাম শেখ দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে নির্যাতন, হামলা ও বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয় বলেও দাবি করেন তিনি।

তিনি জানান, ২০১০ সালের ৮ জুলাই তার স্বামী মৃত মো. সিরাজুল ইসলাম নিবন্ধিত হেবা দলিলের মাধ্যমে ২৭.৫০ শতাংশ জমি তার নামে হস্তান্তর করেন। পরবর্তীতে তিনি জমির নামজারি সম্পন্ন করে নিয়মিত খাজনা পরিশোধ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, স্বামীর মৃত্যুর পর অভিযুক্তরা তার সম্পত্তি দখলের চেষ্টা শুরু করে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালীগঞ্জ থানা এবং গাজীপুরের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিলেও কার্যকর প্রতিকার পাননি বলে দাবি করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মাসুমা বেগমের ভাষ্য অনুযায়ী, ২০২২ সালের ২১ অক্টোবর অভিযুক্তরা তার বাড়িতে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির ৩৫ থেকে ৪০টি গাছ কেটে নিয়ে যায়। পরে একই বছরের ৩১ অক্টোবর সকালে ৪০-৫০ জনকে সঙ্গে নিয়ে তারা বসতবাড়িতে হামলা চালিয়ে তাকে ও তার সন্তানদের মারধর করে ঘর থেকে বের করে দেয়। এ সময় ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে এবং টিনশেড ঘর দখল করে আগুনে পুড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, বর্তমানে তার দখলকৃত জমির ওপর সাতটি দোকানঘর, একটি অফিস ও একটি কিন্ডারগার্টেন স্কুল নির্মাণ করে ভাড়া দেওয়া হচ্ছে। এছাড়া একই এলাকার আরও কয়েকজনের জমি দখল করে সেখানে একটি কওমি মাদ্রাসার কার্যক্রম পরিচালনার সুযোগ দিয়ে ভাড়া আদায় করা হচ্ছে বলেও অভিযোগ করেন।

মাসুমা বেগম বলেন, বর্তমানে তিনি এক প্রতিবন্ধী সন্তানসহ চার সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার সম্পত্তি উদ্ধার করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে মাসুমা বেগমের ছেলে মেহেদী হাসান শেখ, আনা নুর ইসলাম শেখ সাকিল, মিনহাজুর রহমান শেখ, মাজহারুল ইসলাম শেখ এবং তার বোন হালিমা বেগম, আলেয়া বেগম ও সালমা বেগম উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here