চিলমারীতে ব্রহ্মপুত্রের ভাঙন রোধে স্থায়ী সিসি ব্লক বাঁধের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা ওয়াপদা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার কাঁচকোল সড়কটারী বাঁধ এলাকায় ময়নার খামার যুব সংঘ ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্রের ভয়াবহ ভাঙনে বসতভিটা, আবাদি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ এবং গুরুত্বপূর্ণ সড়ক নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। প্রতি বর্ষা মৌসুমে নদীভাঙনের আতঙ্কে দিন কাটাতে হয় স্থানীয়দের। ইতোমধ্যে অনেক পরিবার তাদের পূর্বপুরুষের ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

তারা জানান, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে কাঁচকোল বাজার থেকে ফকিরেরহাট বাজার পর্যন্ত বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অস্থায়ী জিওব্যাগের পরিবর্তে স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের মাধ্যমে নদীভাঙনের টেকসই সমাধান নিশ্চিত করার দাবি জানান তারা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মানববন্ধনে বক্তব্য দেন ময়নার খামার যুব সংঘের উপদেষ্টা মোছা. নিহারিকা শারমিন (দীপি), সভাপতি মজিউল হক মুকুল মণ্ডল, সহ-সভাপতি মঞ্জু মিয়া, সাধারণ সম্পাদক হিরন মণ্ডল, ফকিরেরহাট মাদ্রাসার সুপার মাওলানা শমসের আলী এবং পাঁচগ্রাম এম হক বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক নুর ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, কাঁচকোল বাজার থেকে ফকিরেরহাট বাজার পর্যন্ত সড়কটি এলাকার মানুষের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীভাঙন অব্যাহত থাকলে এই যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং জনজীবনে বিরূপ প্রভাব পড়বে।

স্থানীয়দের অভিযোগ, গত এক মাসে চার দফায় প্রায় ২০০ মিটার এলাকায় বাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে এবং প্রায় দেড় কিলোমিটার এলাকায় ফাটল দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত অংশে চার দফায় ২৪ হাজার জিওব্যাগ বরাদ্দ দেওয়া হলেও সেগুলো যথাযথভাবে ফেলা হয়নি বলে অভিযোগ রয়েছে। ফলে ভাঙনের ঝুঁকি এখনো কাটেনি।

মানববন্ধন শেষে স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও পানিসম্পদ মন্ত্রণালয়ের কাছে দ্রুত স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন আয়োজকরা। পরে নদীভাঙন থেকে এলাকা রক্ষার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here