বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে মসজিদ ও ব্রিজ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় একটি মসজিদ ও একটি ব্রিজ উদ্বোধন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাটিরাঙ্গায় সফরকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে নতুনপাড়া জামে মসজিদের নবনির্মিত ভবন ও স্থানীয় তপ্ত মাস্টারপাড়ায় নির্মিত ব্রিজের উদ্বোধন করেন তিনি।

এ সময় খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকল্প সূত্রে জানা যায়, ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়া ৩ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে তপ্ত মাস্টারপাড়ায় ব্রিজটি নির্মাণ করা হয়।

পরে রাত ৮টার দিকে জেলা সদরে পৌঁছে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় যোগ দেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গভীর নিম্নচাপটি বুধবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার রাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।

এই বাংলা/এমএস

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত