কুড়িগ্রামে সার বিতরণ নিয়ে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষকদের ভোগান্তির অভিযোগের মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাঁকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে সংযুক্ত করেছে কৃষি মন্ত্রণালয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) আব্দুল্লাহ আল মামুন তাঁর বদলির বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সোমবার কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। মঙ্গলবার সকালে আদেশের অনুলিপি কুড়িগ্রামে পৌঁছায়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কুড়িগ্রামে সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির ঘটনায় আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাঁকে স্ট্যান্ড রিলিজের আদেশও দেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, বুধবার বিকেলের মধ্যে তাঁকে বদলিকৃত কর্মস্থল ঝিনাইদহে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
আব্দুল্লাহ আল মামুনের স্থলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি, ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীরকে কুড়িগ্রাম জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
খামারবাড়ি কুড়িগ্রাম সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মামুন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ) মো. তানভীর আহমেদ সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে মঙ্গলবার কুড়িগ্রাম ত্যাগ করেছেন।
বদলির বিষয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, তাঁকে ঝিনাইদহে বদলি করা হয়েছে এবং তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন।
কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, বুধবার নতুন উপপরিচালক হিসেবে একজন কর্মকর্তা যোগদান করবেন।
এই বাংলা/এমএস