চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার একটি হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো. জুয়েল রানা (৩৪)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের মো. আমির আলীর ছেলে। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের বেলেপুকুর এলাকায় বসবাস করতেন। পুলিশ জানিয়েছে, তিনি সদর মডেল থানার মাদক ব্যবসায়ীদের তালিকায় ২ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার জিআর নং-৫১২/২৩ নম্বর হেরোইন মামলায় জুয়েল রানা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। এরপর থেকে তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছিলেন।
গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে ২৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের একটি দল রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
এই বাংলা/এমএস