চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহরণের শিকার ১১ মাস বয়সী শিশু নাফিজকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার হাজারবিঘি গ্রামের মো. আবুল কাশেমের স্ত্রী সুজিআরা বেগম (৩৫) এবং একই গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. মানিকুজ্জামান (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘি গ্রামের বাসিন্দা মো. রুবেল হোসেনের ১১ মাস বয়সী ছেলে নাফিজকে শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় রেখে রান্নার কাজে যান তার মা নিপা খাতুন। দুপুর ১২টার দিকে শিশুটিকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, সকাল ১১টার দিকে শিশুটিকে নিয়ে কেক কিনতে হাজারবিঘি বাজারে যাওয়ার সময় হাজারবিঘি-চাঁদপুর ওয়াক্তিয়া মসজিদের সামনে পাকা সড়কে বোরখা পরা এক নারী শিশুটিকে জোরপূর্বক নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ২২ সেপ্টেম্বর শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলা নম্বর ৪০/৩৬৯।
পুলিশ জানায়, মামলা হওয়ার পর পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে তদন্ত কর্মকর্তা এসআই সৌরভ কুমার দত্ত তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ২২ সেপ্টেম্বর মামলার প্রধান আসামি সুজিআরা বেগমকে গ্রেপ্তার করা হয়।
পরে সুজিআরা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার শিবতলা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে মানিকুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে শিশু নাফিজকেও উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা শিশুকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
এই বাংলা/এমএস