বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ডিমলার ১৩ জলাশয়ে পোনা অবমুক্ত

ডিমলা (নীলফামারি) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

দেশীয় মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রজনন নিশ্চিতকরণ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে নীলফামারীর ডিমলা উপজেলার ১৩টি জলাশয়ে ২৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে বদ্ধ জলাশয়, প্লাবনভূমি ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্তকরণ কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ পুকুর, উপজেলা ভূমি অফিস পুকুর, ডিমলা এতিমখানা পুকুর, ডিমলা থানা পুকুর, ডাঙ্গারহাট মৎস্য অভয়াশ্রম, বুড়ি তিস্তা রিজার্ভারসহ মোট ১৩টি জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এর মাধ্যমে জলাশয়গুলোর মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় মাছের প্রজনন ও জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

জেলা মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডল বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি এবং দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে পরিকল্পিতভাবে পোনা অবমুক্ত করা গুরুত্বপূর্ণ। জলাশয়ের ধরন অনুযায়ী উপযোগী প্রজাতির পোনা অবমুক্ত করার পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশিদ বলেন, দেশীয় মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার এবং মা মাছ ও পোনা মাছ নিধন বন্ধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী, অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা সেক্রেটারি রোকনুজ্জামান বকুল, মিনালুজ্জামান মিন্টুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর