তরুণদের উদ্ভাবনী শক্তি ও মেধাকে গবেষণা, প্রযুক্তি ও উদ্যোক্তা কার্যক্রমের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ শেষ হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার বিজয় সরণির নভোথিয়েটারে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, উদ্ভাবক, উদ্যোক্তা, শিল্পপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ অংশ নেয়।
মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে দেশীয় উদ্ভাবনকে গবেষণাগার থেকে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং বাজারের সঙ্গে সরাসরি যুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মেলার দ্বিতীয় দিনে ‘Health Innovation for All: Expanding Access to Affordable and Inclusive Care’ শীর্ষক প্লেনারি সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতসহ সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা এতে অংশ নেন।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন সভাপতিত্ব করেন।
সমাপনী অনুষ্ঠানে গবেষণা ও উদ্ভাবনের পরিধি বাড়াতে ‘গবেষণা ও উদ্ভাবন ফান্ড’ গঠনের আহ্বান জানান ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানকে এ ধরনের ফান্ডে যুক্ত করার পাশাপাশি সরকারও প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে।
আয়োজকদের তথ্যমতে, মেলার মূল লক্ষ্য ছিল উদ্ভাবক, গবেষক, উদ্যোক্তা, শিল্পপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সংযোগ তৈরি এবং উদ্ভাবনী ধারণাকে বাজার ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা। মেলায় এক হাজারের বেশি উদ্ভাবন প্রদর্শন করা হয়।
মেলায় ৭৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, শিক্ষার্থী, স্টার্টআপ ও উদ্ভাবকেরা অংশ নেন। বিভিন্ন প্রযুক্তি, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, শিক্ষা ও ব্যবসায়িক উদ্ভাবন প্রদর্শনের পাশাপাশি একাধিক সেশন ও আলোচনা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ও সম্মাননা পেয়েছে বলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর প্রকাশিত তথ্যে জানা গেছে।
তিন দিনের এ আয়োজনের মধ্য দিয়ে তরুণ উদ্ভাবকদের উদ্ভাবনী ধারণা, গবেষণা ও প্রযুক্তিকে শিল্প ও বাজারের সঙ্গে যুক্ত করার বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা হয়েছে।
এই বাংলা/এমএস